Views Bangladesh Logo

সিলেটের সুনাই নদীতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতা’র

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’। অন্যদিকে, আবহমান বাংলার এই ঐতিহ্য বজায় রাখতে অনড় অবস্থানে রয়েছেন আয়োজকরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক চলছে।

জানা গেছে, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর যুবসমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অতীতে এই আয়োজন ঘিরে কোনো বাধার সম্মুখীন না হলেও এবার তৌহিদী জনতার ব্যানারে একটি গোষ্ঠী এটি বাতিলের দাবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এ নিয়ে সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশ না করার শর্তে লাউতা ইউনিয়নের গাংপাড় এলাকার এক ব্যবসায়ী জানান, স্থানীয় যুবকরা দীর্ঘদিন ধরে সুনাই নদীতে এই নৌকাবাইচের আয়োজন করে আসছে। তবে গত কয়েক দিন ধরে জুয়েল, অপুসহ স্থানীয় কয়েকজন যুবক ফেসবুকে এই প্রতিযোগিতার বিরোধিতা করে লেখালেখি করছে, যা পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করতে পারে।

একই এলাকার অপর এক বাসিন্দা আক্ষেপ প্রকাশ করে বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা এই এলাকার মানুষের আনন্দের খোরাক। শত শত মানুষ প্রতিবছর নৌকাবাইচ উপভোগ করে। কিন্তু কী একটা উপদ্রব শুরু হয়েছে! তৌহিদী জনতার ব্যানারে হুমকি দেওয়া হচ্ছে।

এমনকি প্রতিযোগিতাটি বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’-এর ব্যানারে এক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে লাউতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন গণমাধ্যমকে জানান, উত্তেজনাকর এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সুরাহা করার চেষ্টা চলছে।

এদিকে চলমান পরিস্থিতি নিয়ে লাউতা ইউপির বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘ফেসবুকে নৌকাবাইচের পক্ষে-বিপক্ষে লেখালেখি হচ্ছে। এর বাইরে আমার কিছু জানা নেই।’

বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, ‘এ রকম কোনো ঘটনা বা নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ