খুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনা নগরীর রায়েরমহল এলাকায় সৈয়দ হুমায়ুন কবির নামে এক তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রায়েরমহল বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়েরমহল বড় মসজিদের পেছনে হুমায়ুন কবিরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। কিছুদিন আগে মোস্তফা মোড় এলাকার একটি শোরুম থেকে তিনি নিজের প্রতিষ্ঠানের জন্য বাকিতে একটি ফ্রিজ কেনেন। ফ্রিজের বকেয়া টাকা পরিশোধ নিয়ে দোকানির সঙ্গে তাঁর বিরোধ চলছিল। রোববার বিকেলে এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়।
এরপর সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে একদল দুর্বৃত্ত হুমায়ুন কবিরের ওপর হামলা চালায়। তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
মতামত দিন