Views Bangladesh Logo

দালিয়ানে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন অধিবেশনের ফাঁকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের দালিয়ানে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।

বৈঠকে কাজাখস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন তারেক রহমান। একই সঙ্গে রাজনৈতিক, ব্যবসায়িক ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠক অব্যাহত রাখার পক্ষে মত দেন তিনি। ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়েও উভয় পক্ষ একমত হন।

বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের সম্ভাব্য বাণিজ্য সহযোগিতা নিয়েও আলোচনা হয় বৈঠকে। কাজাখস্তানের প্রধানমন্ত্রী বেকটেনভ এসব ক্ষেত্রে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখার কথা জানান।

পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন চান প্রধানমন্ত্রী বেকটেনভ। জবাবে তারেক রহমান জানান, এ প্রস্তাবে বাংলাদেশ সমর্থন দেবে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ