প্রতিশোধের চেয়ে সংস্কারকে অগ্রাধিকার দেয়ার আহ্বান তারেক রহমানের
দলের নেতাকর্মীদের প্রতিশোধের পরিবর্তে সংস্কারকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলের ৩১ দফা সফল করে নির্যাতিতদের পাশে থাকতে হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল জেলা, গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরের জন্য কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনাদের প্রতি যে অবিচার, নিপীড়ন এবং দমন-পীড়ন আওয়ামী লীগ করেছে তার জবাব দিতে চাইলে তাদের অনুকরণ করা যাবে না। আমরা এটা করলে তাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকবে না। তারা ভুল করেছে বলে আমারা ভুল করবো তা উচিত হবে না। প্রতিক্রিয়া জানাতে হলে আমাদের ৩১ দফা প্রস্তাব সফল করতে হবে।
তিনি বলেন, আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব। তাদের কায়দায় আমরা জবাব দেব না। ৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।
বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, জুলাই-আগস্ট মাসে আমার দলের প্রায় ৫০০ জনের মতো গুম হয়েছে, অন্য দলের সঙ্গে কী হয়েছে জানি না তবে আমার দলের প্রায় ৫০০ জনকে গুম করেছে আওয়ামী লীগ। আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমার মায়ের সঙ্গে অন্যায় হয়েছে, আমার ভাইয়ের সঙ্গে অন্যায় হয়েছে। আমরা দেখেছি এমনও হয়েছে হাত পায়ে হাতকড়া পরিয়ে মা-বাবার জানাজায় পাঠিয়েছে। আমরা সেই আওয়ামী লীগের মতো হতে চাই না, আমরা পরিবর্তন চাই। আমরা ৩১ দফাকে সফল করে আওয়ামী লীগের উচিত জবাব দিব।
তারেক রহমান বলেন, এখানে যারাই আছেন প্রত্যেকের নামে একটি হলেও গায়েবি মামলা রয়েছে। এত নির্যাতন সহ্য করে জেল খেটেছেন আপনারা, কষ্ট করেছেন। কেন আপনারা এমন কাউকে সুযোগ দেবেন, যে আপনাদের সব কষ্টে পানি ঢেলে দেবে। কিছু লোক তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের সব কষ্টে পানি ঢেলে দিচ্ছে। কেন তাদের সেই সুযোগ দেবেন আপনারা?
তিনি বলেন, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আপনাদেরও জনগণের দিকে তাকাতে হবে। আপনাদেরও বুঝতে হবে কী করলে জনগণ আপনাকে আরও পছন্দ করবে। আপনার অধীনে অনেক নেতাকর্মী থাকবে। তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। পরিবারের দুষ্টু বাচ্চাদের যেমন টাইট দিয়ে রাখতে হয়, তেমনি দলের ভেতরও দুষ্টুরা আছে, থাকতে পারে। আমাদের এই দুষ্টুদের টাইট দিয়ে রাখতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনাদের মানুষের কাছে পৌঁছাতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে হবে। এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। এটি জনগণের দায়িত্ব না। আমরা নিজেদের সংযত রাখব এবং আমাদের সহকর্মীদের সংযত রাখতে চেষ্টা করব। মানুষ চায় না এমন কাজ কেন করবেন, যেখানে আপনাদের আস্থার সংকট দেখা দেবে।
কর্মশালায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে