Views Bangladesh Logo

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। বিএনপির দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার লক্ষ্যে একটি মহল পরিকল্পিতভাবে চক্রান্ত করছে।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের কর্মসূচি ছিল। জাতীয় নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এই সফর নির্ধারিত হয়েছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধে সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ ও ব্যর্থ করার জন্য একটি মহল ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করছে।”

নির্বাচনী পরিবেশ নষ্ট করতে রাজনৈতিক সহিংসতা বাড়ছে অভিযোগ করে তিনি বলেন, ইতিমধ্যে ওসমান হাদিকে (শহীদ শরিফ ওসমান বিন হাদি) গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের নেতাদের, বিশেষ করে বিএনপির একাধিক নেতাকে হত্যা করা হয়েছে। সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকেও গুলি করে হত্যা করা হয়।

এসব ঘটনায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মহাসচিব বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে না।

সরকার ও নির্বাচন কমিশনের প্রতি বারবার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দলীয় সূত্র জানায়, জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, দলীয় কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপি নেতারা মনে করছেন, নির্বাচনের আগে সহিংসতা ও অস্থিতিশীলতা বাড়লে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ