ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানা গেছে।
ইসিতে জমা দেওয়া ব্যয়ের হিসাব অনুযায়ী, নির্বাচনী প্রচারণার বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হয়েছে। এর মধ্যে প্রচার-প্রচারণায় ব্যয় হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা, পরিবহন খাতে ১ লাখ ১০ হাজার টাকা এবং জনসভা আয়োজনের জন্য ব্যয় হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।
এছাড়া নির্বাচনী ক্যাম্প পরিচালনায় ৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। নির্বাচনী এজেন্ট ও অন্যান্য স্টাফদের পেছনে ব্যয় হয়েছে ৯ লাখ ৮৪ হাজার টাকা, যা মোট ব্যয়ের সবচেয়ে বড় অংশ।
অন্যদিকে আবাসন ও প্রশাসনিক খাতে ব্যয় হয়েছে ৬৬ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য খরচ করা হয়েছে ৫০ হাজার টাকা।
ইসি সূত্র জানায়, ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটারপ্রতি ১০ টাকা—যেটি বেশি হয়, সেই পরিমাণ অর্থ ব্যয় করতে পারেন।
সে হিসাবে এই আসনে ব্যয়সীমা দাঁড়ায় ৩৩ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা। তুলনামূলকভাবে তারেক রহমান নির্ধারিত সীমার অনেক নিচেই ব্যয় করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সীমার মধ্যে থেকে নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ করা স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে