Views Bangladesh Logo

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তারেক রহমান নরেন্দ্র মোদির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও কর্মোদ্যম কামনা করেন। বার্তায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। জন্মদিনের এই বিশেষ দিনে আপনার জন্য অনেক শুভকামনা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সবসময় সুস্বাস্থ্য ও প্রাণবন্ত উদ্যম বজায় থাকুক।’

নরেন্দ্র মোদিকে এই শুভেচ্ছাবার্তার আগে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে দুই দেশের মধ্যে বেশ কিছুদিন আলোচনা চলেছিল। ১৪ জুলাই ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিমসটেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে নয়াদিল্লিতে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। ২৩ জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

শুরুতে আমন্ত্রণ গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে ঢাকার পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না। ১০ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, ভারতের কাছ থেকে বাংলাদেশ দুটি আমন্ত্রণ পেয়েছে—একটি তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের চেয়ারপারসন হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য। তখনও কোনোটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পরে ১০ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট করেন, ব্রিকস সম্মেলনে তারেক রহমান অংশ নিচ্ছেন না। তার ব্যাখ্যা ছিল, আমন্ত্রণটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দেওয়া হয়েছিল এবং এই প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট নয়। তিনি একই সঙ্গে জানান, অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমান দ্বিপক্ষীয় সফরে ভারতে যেতে পারেন।

এ সময় ঢাকার পক্ষ থেকে ভারত সফরের সম্ভাব্য পরিবেশ নিয়েও আলোচনা হয়। দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে অগ্রগতি এবং কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার সুযোগ তৈরি হলে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সফর হতে পারে। একটি কূটনৈতিক সূত্রের বরাতে আরও বলা হয়, গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন, ভিসা কার্যক্রম স্বাভাবিক করা, বাণিজ্য ও স্থলবন্দর কার্যক্রমসহ কয়েকটি বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি নিয়ে আলোচনা চায় ঢাকা।

শেষ পর্যন্ত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেননি তারেক রহমান। তবে ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্তকে ভারত সফর পুরোপুরি প্রত্যাখ্যান হিসেবে দেখা হয়নি; বরং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সফর হতে পারে।

এদিকে, নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বর। ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার কয়েক দিনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিনে তারেক রহমানের এই শুভেচ্ছাবার্তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পৃথক একটি কূটনৈতিক বার্তা হিসেবেও আলোচনায় এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ