Views Bangladesh Logo

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার

চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে আগামীকাল শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহুল প্রতীক্ষিত এই বৈঠককে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) এই বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সফরের সমাপনী দিনে ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে বসবেন, যেখানে তিনি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন।

মাহদী আমিন বলেন, ‘আশা করছি, এসব আলোচনা ইতিবাচক ফল বয়ে আনবে, যা বাংলাদেশের জনগণের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও সুসংহত করবে।’

শুক্রবারের কর্মসূচিতে আরও রয়েছে সকালে গ্রেট হলে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের একটি জাদুঘর পরিদর্শন। সব কর্মসূচি শেষে স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন ২৪ জন সদস্যের একটি প্রতিনিধি দল, যার মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, এ কে এম শামসুল ইসলাম ও রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ অন্যরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম বিদেশ সফরে গত ২১ জুন মালয়েশিয়া যান তারেক রহমান। সেই সফরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সোমবার তিনি পৌঁছান চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দালিয়ানে, যেখানে অংশ নেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে। সেই পর্ব শেষে বুধবার বিকেলে তিনি বেইজিং পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হয় তার রাষ্ট্রীয় সফরের মূল পর্ব।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে ২০০১ সালে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তিনি একবার চীনে গিয়েছিলেন।

বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। সেই বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ