Views Bangladesh Logo

স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী ঠিক করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে সরকারি দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্যরা।

বুধবার জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে এবং সংসদ নেতা মনোনয়ন নির্ধারণ করবেন। কারা এই দুই পদে আসছেন, তা বৃহস্পতিবার জানা যাবে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিরা শপথ নেন। সেদিনই সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়; পরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে। অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। একই দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

চিফ হুইপ জানান, পুরনো স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রথম দিনে একজন জ্যেষ্ঠ সদস্যকে অস্থায়ীভাবে সভাপতিত্বের জন্য প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নির্বাচিত করা হবে। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, স্পিকারের আসন গ্রহণ, সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনা হবে।

তিনি বলেন, শোক প্রস্তাবে প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া, জুলাইয়ের আন্দোলনের শহীদ এবং দেশবরেণ্য ব্যক্তিদের স্মরণ করা হবে।

এছাড়া ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে বলে জানান নুরুল ইসলাম মনি। এগুলো আইনমন্ত্রী উপস্থাপন করবেন এবং যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হবে। যেগুলো গ্রহণযোগ্য, সেগুলো সংসদে পাস করা হবে।

ডেপুটি স্পিকারের পদ বিরোধী দল থেকে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে কিনা—এ প্রশ্নে চিফ হুইপ বলেন, এ বিষয়ে এখনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সংসদ উপনেতার পদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

৩০০ আসনের সংসদে দুটি আসনের ফল স্থগিত ও একটি আসনের নির্বাচন বাতিল থাকলেও বাকি ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়ে সরকার গঠন করেছে। ৬৮ আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামি বিরোধী দলে বসছে। অন্য কয়েকটি দল ও স্বতন্ত্র প্রার্থীরাও আসন পেয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ