নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বিকেলে
সদ্য শপথ নেওয়া সরকারের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে তার প্রথম কার্যদিবস শুরু করবেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেল–এর সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবারের পর ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।
গতকাল বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন তারেক রহমান এবং ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে