প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাজিমুল গনি।
এর আগে সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে শপথ নেন নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সরকারি গেজেট অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই জয়ের মধ্য দিয়ে ৬০ বছর বয়সী তারেক রহমান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন।
লন্ডনে ১৭ বছরের স্ব-আরোপিত নির্বাসন শেষে দেশে ফেরার পর দুই মাসের মধ্যেই নির্বাচনে অংশ নিয়ে বিজয় অর্জন করেন তারেক রহমান। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পাঁচ দিনের মাথায় তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। পরবর্তীতে ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।
তারেক রহমান বাংলাদেশের প্রভাবশালী জিয়া পরিবারের প্রতিনিধি। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সালে হত্যাকাণ্ডের আগ পর্যন্ত দেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মা খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০১ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন তারেক রহমান। এরপর ২০০২ সালে দলটির শীর্ষ নেতৃত্বের সারিতে আসেন তিনি।
তবে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসেন। ২০০৮ সালে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তাকে লন্ডনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, কারাগারে নির্যাতনের কারণে তার শারীরিক অবস্থা গুরুতরভাবে অবনতি হয়েছিল।
বিদেশে অবস্থান করলেও দলের কৌশল ও নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। এরপর ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর আদালত তার বিরুদ্ধে থাকা দণ্ডাদেশ বাতিল করে। এর ফলে তার দেশে ফেরার পথ সুগম হয়।
দীর্ঘ রাজনৈতিক উত্থান-পতন পেরিয়ে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা করলেন তারেক রহমান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে