প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে তারেক রহমান: রয়টার্স
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই দশকের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন। আসন্ন জাতীয় নির্বাচনে তার বিজয়ের সম্ভাবনা রয়েছে এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে আছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত রয়টার্সের এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
রিপোর্টে বলা হয়েছে, জনমত জরিপগুলো সঠিক হলে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য নির্বাচন ৬০ বছর বয়সী মৃদুভাষী তারেক রহমানের রাজনৈতিক জীবনে একটি বড় মোড় এনে দিতে পারে।
সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে ২০০৮ সালে দেশ ছাড়েন তারেক রহমান। সে সময় দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছিল।
দীর্ঘ সময় পর ২০২৪ সালের আগস্টে তরুণদের নেতৃত্বে হওয়া গণ-আন্দোলনের মাধ্যমে বিএনপির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পরের মাস ডিসেম্বরে বড়দিনে ব্যাপক জনসমর্থনের মধ্য দিয়ে দেশে ফেরেন তারেক রহমান। বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে নির্বাসিত রয়েছেন।
তারেক রহমানের মা খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম নেতা এবং ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দেশ শাসন করেন।
নির্বাচিত হলে রাজধানীর ডেমরায় একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) নির্মাণের ঘোষণাও দিয়েছেন তারেক রহমান। পাশাপাশি তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারিত্ব পুনর্গঠনের অঙ্গীকার করেছেন। কোনো একক দেশের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা নয়, বরং বহুমুখী বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। এ বিষয়ে তিনি ইঙ্গিত দেন যে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল।
তারেক রহমান প্রতিশোধের রাজনীতির সমালোচনা করে বলেন, প্রতিশোধ মানুষের জীবনে শুধু ক্ষতিই ডেকে আনে এবং মানুষকে দেশ ছাড়তে বাধ্য করে। তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি ও স্থিতিশীলতা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে