Views Bangladesh Logo

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সওয়াল

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল।

রণধীর জয়সওয়াল আরও বলেন, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সূত্রেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকের বিষয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বৈঠকটিকে ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বৈঠকে ভারত ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক উঠে এসেছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের নিয়ম অনুযায়ী, বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়।

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সেই সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এ আমন্ত্রণ জানানো হয়।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ভারত সফরে যাবেন, সে বিষয়ে মঙ্গলবারের ব্রিফিংয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি। দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রেক্ষাপটে তাঁর সম্ভাব্য ভারত সফর এবং ব্রিকস সম্মেলনে অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ