বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ, দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দেওয়া তাঁর দ্বিপাক্ষিক ভারত সফরের আমন্ত্রণও এখনও বহাল রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই আমন্ত্রণ এখনো কার্যকর রয়েছে।
তিনি জানান, ব্রিকসের প্রচলিত রীতি অনুযায়ী বর্তমান বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে। একই ধরনের আমন্ত্রণ অন্যান্য আঞ্চলিক জোটের প্রধানদেরও জানানো হয়েছে।
ব্রিফিংয়ে আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে প্রশ্নেরও জবাব দেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ওই অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করছে এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। অনুষ্ঠানে প্রকাশিত মতামত বা বক্তব্যেরও ভারত সরকার কোনো অনুমোদন বা সমর্থন দেয় না।
মতামত দিন