জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন তারেক রহমান: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিক মূল্যবোধ ও দৃঢ়তা দিয়ে এ স্থান অর্জন করেছেন।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তারিক চয়ন সম্পাদিত ২০১৩ সালে লেখা ১৯টি প্রবন্ধের সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইয়ের পাঠ উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, ‘অবিসংবাদিত শব্দটি কোনো চিরকালীন শব্দ নয়; এটি কর্মের মাধ্যমে অর্জন করতে হয় এবং রক্ষা করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তার দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় তা প্রমাণ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তিনি পারিবারিক পর্যায় থেকেই এ মানবিক গুণাবলী ও মূল্যবোধ অর্জন করেছেন।’
স্বপন আরও বলেন, একজন রক্ত-মাংসের মানুষের পক্ষে এত চড়াই-উতরাই ও প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকা কেবল তার ব্যক্তিগত দৃঢ়তা ও মানবিক গুণাবলীর কারণেই সম্ভব হয়েছে। তিনি বিশ্বাস করেন, তারেক রহমান তার সেই মানবিক মূল্যবোধ দিয়ে জনআস্থা বজায় রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশিষ্ট শিক্ষাবিদ ড. ইউসুফ হায়দার চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন প্রমুখ। এ সময় বক্তব্য দেন বইটির সম্পাদক তারিক চয়ন।
‘অবিসংবাদিত তারেক রহমান’ শীর্ষক সংকলনটিতে দেশের ১৯ গুণী শিক্ষক, লেখক, চিন্তক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধার লেখা স্থান পেয়েছে। বইটিতে প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার দর্শন, আদর্শ, স্বপ্ন ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করেন মনিরুল হক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে