Views Bangladesh Logo

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বার্নহ্যামকে তারেক রহমানের অভিনন্দন

যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়া এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তিনি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন।

তারেক রহমান উল্লেখ করেন, বার্নহ্যামের নির্বাচন তার নেতৃত্বের প্রতি দল ও যুক্তরাজ্যের জনগণের আস্থার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের নীতি এবং দুই দেশের জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের বন্ধুত্বের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন এবং উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে বার্নহ্যামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।

বার্তায় বার্নহ্যামের সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সাফল্য কামনা করার পাশাপাশি যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যান্ডি বার্নহ্যাম।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ