সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন। সেখানে গিয়ে তিনি কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করবেন। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কর্মসূচি শেষে আজ রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে