আগামী বছর ফেরার সম্ভাবনা রয়েছে তারেকের: হাফিজউদ্দিন
আগামী বছর সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।
সোমবার (২ ডিসেম্বর) গুলশানের বাসভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘তারেক রহমান আগামী বছর ফিরে আসবেন। আমরা সেই সময়ের মধ্যে নির্বাচনের প্রত্যাশা এবং আশা করছি, তিনি নির্বাচনের আগে ফিরে আসবেন’।
তিনি আরো বলেন, ‘দলের নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত। কারণ, তারেক রহমানের ফেরার পথ অনেক মসৃণ হয়েছে। তার বিরুদ্ধে এখনো চারটি মামলা রয়েছে। আমরা আশা করি, দ্রুতই এসব মামলারও নিষ্পত্তি হবে’।
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেককে ‘ইচ্ছাকৃতভাবে জড়িত’ করা হয়েছে বলেও দাবি হাফিজউদ্দিনের।
দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যের উচ্চমূল্য এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে এবং মানুষ আকাশচুম্বী দামের সাথে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে’।
‘পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ট’ কিছু বুদ্ধিজীবীর বিরুদ্ধে গণতন্ত্রকে ক্ষুণ্নের অভিযোগ করে হাফিজউদ্দিন বলেন, ‘এসব বুদ্ধিজীবী গণতন্ত্রকে অপ্রয়োজনীয় বলে যুক্তি এবং গণতান্ত্রিক নীতি নির্বিশেষে সংস্কারকে অগ্রাধিকার দেন’।
হাফিজউদ্দিন আরো অভিযোগ করেন, আওয়ামী লীগ বিদেশি, বিশেষ করে ভারতের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার চাইলে ভারত সরকারকে আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানাই। তার বিরুদ্ধে হত্যার অভিযোগসহ অসংখ্য মামলা রয়েছে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে