Views Bangladesh Logo

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ

ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) পদত্যাগ করেছেন। বুধবার ভিউজ বাংলাদেশকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তারিক চয়ন।

তিনি বলেন, ‘কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ব্যক্তিগত ও পেশাগত কারণে পদত্যাগ করলাম।’

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও করেন তারিক চয়ন। সেখানে তিনি লেখেন, ‘দেড় বছর শহরটিতে (কলকাতা) সুন্দর সময় কাটিয়েছি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘পেশাগত জীবন, অফিস, সহকর্মী এবং কলকাতার বন্ধুদের নিয়ে ভবিষ্যতে বই লেখার ইচ্ছে আছে। সবাই দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলের সহায় হোন।’

তারিক চয়নকে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার এক বছরের চুক্তিতে কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দেয়। পরে ভারতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধিতে অবদান রাখা এবং কলকাতার সংবাদমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে পেশাদার সম্পর্ক গড়ে তোলার কথা উল্লেখ করে তার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়।

তারিক চয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ছিলেন। কূটনৈতিক মিশনে যোগদানের আগে তারিক সাংবাদিকতা করতেন। তিনি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন, দৈনিক মানবজমিন, দৈনিক জনকণ্ঠ, দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় কূটনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিষয়ে কলাম লিখেও খ্যাতি অর্জন করেন। তারিক চয়ন ‘অবিসংবাদিত তারেক রহমান’ নামে একটি বইও লিখেছেন।

কর্মক্ষেত্রে এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য তিনি মালয়েশিয়ায় ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, পশ্চিমবঙ্গে ‘মৈত্রী সম্মাননা’ ও ‘সেরা বাঙালি সম্মাননা’ লাভ করেছেন।

এদিকে প্রায় দুই বছর শূন্য থাকার পর গত জুলাইয়ে কলকাতা মিশনে পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. খালেদকে নিয়োগ দেয় সরকার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ