বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক পুনর্নির্বাচিত হলেন তারিক চৌধুরী
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদ’–এর ১৯তম কংগ্রেসে কেন্দ্রীয় সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আইনজীবী হাসান তারিক চৌধুরী সোহেল।
তিনি বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং সুপ্রিম কোর্টের একজন খ্যাতনামা আইনজীবী। তার পুনর্নির্বাচনের বিষয়টি গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘জনগণের অধিকারের জন্য আইন’— এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত আইনজীবীরা অংশ নেন। বাংলাদেশ থেকে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল এ কংগ্রেসে অংশ নেয়।
সম্মেলনের উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। এছাড়া উপস্থিত ছিলেন দেশটির আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল।
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইন, ইরাক, গ্রিস, ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, কোরিয়া এবং স্বাগতিক নেপালসহ বহু দেশের আইনজীবীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।
কংগ্রেসে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, মানবাধিকার রক্ষা, আইনের শাসন, পরিবেশ সুরক্ষা এবং সমসাময়িক ভূরাজনৈতিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে