ডারউইন টেস্টে ইতিহাস গড়ে তানজিদের সেঞ্চুরি
ডারউইন টেস্টে ইতিহাস গড়লেন তানজিদ হাসান। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন তিনি, আর তা করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হওয়ার গৌরব অর্জন করলেন এই বাঁহাতি ওপেনার।
অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারিতে বোলারের পাশ দিয়ে দৃষ্টিনন্দন ড্রাইভে মাইলফলক স্পর্শ করেন তানজিদ। মাঠজুড়ে তখন উচ্ছ্বাস, সতীর্থরা মাঠের বাইরে থেকেই জানান অভিনন্দন।
এই সেঞ্চুরির পথ অবশ্য মসৃণ ছিল না। ম্যাচের প্রথম দিন নিজের ইনিংস শুরুর একদম গোড়ায়, শূন্য রানে থাকা অবস্থায় নাথান লায়নের বলে ক্যাচ তুলেও বেঁচে যান তানজিদ। দ্বিতীয় দিনের শুরুতেও আরেকবার জীবন পান তিনি—৬২ রানে থাকা অবস্থায় লায়নের বলে ব্যাটের কানায় লেগে বল যায় প্রথম স্লিপে, কিন্তু ঝাঁপিয়ে পড়েও মুঠোয় জমাতে পারেননি স্টিভেন স্মিথ। জীবন পেয়ে আর পেছন ফিরে তাকাননি তানজিদ, প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে গেছেন সেঞ্চুরির দিকে।
দ্বিতীয় দিনের শুরুতে ১০২ বলে পঞ্চাশে পৌঁছান তানজিদ, যা ছিল তার ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি। এরপর মুমিনুল হকের সঙ্গে গড়ে তোলেন তৃতীয় উইকেটে ১০২ রানের গুরুত্বপূর্ণ জুটি। ১৮৯ বল স্থায়ী এই জুটি ভাঙে জশ হেইজেলউডের বলে মুমিনুলের বিদায়ে; ৯৫ বলে আটটি চারে ৪৯ রান করেন তিনি।
মুমিনুলের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ইনিংস টেনে নিয়ে যান তানজিদ। ধারাবাহিক মনোযোগ আর ধৈর্যশীল ব্যাটিংয়ে একের পর এক মাইলফলক পার করেন তিনি, শেষ পর্যন্ত পৌঁছান তিন অঙ্কের ঘরে। আউটের আগে তানজিদ করেন ১৯৭ বলে ১০১ রান করেন। লায়নের হাওয়ায় ভাসানো বলে লং অফের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন তানজিদ। সেই চেষ্টায় স্টার্কের হাতে ধরা পড়েলেন। তার ইনিংসে একটি ছক্কা ও ৮টি চারের মার ছিল। স্ট্রাইক রেট ৫১.২৬।
প্রথম দিন হাসান মাহমুদের ক্যারিয়ার-সেরা ৬ উইকেট শিকারে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে তানজিদের এই সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়ার সংগ্রহকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের বিদেশের মাটিতে সেঞ্চুরির নজির খুব বেশি নেই, আর অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে তো আরও বিরল। সেই বিরল কীর্তি গড়ে তানজিদ হাসান এখন লেখা থাকবেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে।
মতামত দিন