ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে তানজিদ
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পুরস্কার পেলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছেছেন তিনি। টানা দুই ফিফটির সুবাদে সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার।
বাংলাদেশের আরেক ওপেনার সাইফ হাসানও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিনি নয় ধাপ এগিয়ে এখন আছেন ২৭তম স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়েও এসেছে বাংলাদেশের জন্য সুখবর। শেখ মেহেদী হাসান চার ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠেছেন। আর লেগ স্পিনার রিশাদ হোসেন আট ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২৫তম স্থানে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে রুটের দুর্দান্ত প্রত্যাবর্তন
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। সর্বশেষ আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন অষ্টম স্থানে।
সিরিজে রুটের তিন ইনিংস ছিল ৭৬, ৯৯ ও ৭৪ রানের। পুরো সিরিজে একবারও আউট না হয়ে তিনি ২৪৯ রান করেন, যা ছিল সিরিজের সর্বোচ্চ। ৯৬.৮৮ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি জেতেন 'প্লেয়ার অব দ্য সিরিজ' পুরস্কারও।
এর মাধ্যমে ২০২০ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফিরলেন রুট।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ব্রেসওয়েলের উত্থান, মিরাজ দ্বিতীয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। চার ইনিংসে ৮৬ রান করার পাশাপাশি নিয়েছেন ৮ উইকেট। এতে তিনি তিন ধাপ এগিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তৃতীয় স্থানে।
এই অগ্রগতিতে তিনি পেছনে ফেলেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী (চতুর্থ) এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে (পঞ্চম)।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।
মতামত দিন