টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়া ৫ জনের লাশ হস্তান্তর, দুপুরে দাফন
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মা–ছেলেসহ পাঁচজন নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিনগত রাত ৪টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেয়।
নিহতদের প্রত্যেক পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয় এবং দুপুরে দাফনের প্রস্তুতি নেওয়া হয়।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পূরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) এবং আব্দুর রশিদের মেয়ে রিফা আক্তার (২৩)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে তারা ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। পথে বাসটির তেল শেষ হয়ে গেলে চালক মহাসড়কের পাশে রেললাইনের ধারে গাড়ি থামিয়ে তেল আনার জন্য যায়। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে রেললাইনের পাশে বসে ও কথা বলছিলেন। তখনই একটি ট্রেন এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত রিফা আক্তারের বড় ভাই জানান, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে