Views Bangladesh Logo

রডের বদলে বাঁশ ব্যবহার, টাঙ্গাইলের এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশ ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. হাসমত আলী বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী। তিনি প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় বাসাইল উপজেলার মাইজখাড়া জিপিএস সড়কের ২ হাজার ৩০৫ মিটার চেইনেজে ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতু নির্মাণকাজের তদারকির দায়িত্বে ছিলেন।

অফিস আদেশে বলা হয়েছে, সেতু নির্মাণকাজে স্পেসিফিকেশনবহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে জনসাধারণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পাশাপাশি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

আদেশে আরও বলা হয়েছে, অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার অসদুদ্দেশ্যে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে হাসমত আলী রডের পরিবর্তে বাঁশ এবং স্পেসিফিকেশনবহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছেন বলে প্রতীয়মান হয়েছে।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধিতে বর্ণিত অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। আদেশটি জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ