এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সভায় তাকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এশিয়ার ক্রিকেটের উন্নয়ন, নতুন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য সুযোগ বাড়ানো এবং খেলাটির দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করে থাকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটি। ফলে তামিমের এ দায়িত্বকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সভায় এসিসির প্রশাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনিকে সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহসভাপতি নির্বাচিত করা হয়েছে।
২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য এসিসির নির্বাহী বোর্ডেও নতুন সদস্য নির্বাচন করা হয়। টেস্ট না খেলা পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবদুলআজিজ বিন সৌদ আল থানি ও সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ গাজনাভি নির্বাচিত হয়েছেন।
সহযোগী সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন মালদ্বীপের মোহাম্মদ ফয়সাল ও বাহরাইনের মোহাম্মদ মনসুর। তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।
এসিসির বর্তমান সভাপতি মহসিন নাকভি বলেছেন, ‘এশিয়ায় ক্রিকেট সব সময়ই একটি খেলার চেয়ে বেশি কিছু। এটি একটি অভিন্ন ভাষা, যা দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে যুক্ত করে। এই বার্ষিক সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্তগুলো আমাদের প্রশাসনের পরিপক্বতা এবং এমন প্রতিষ্ঠান গড়ে তোলার সম্মিলিত সংকল্পের প্রতিফলন, যা আমরা এই পদগুলো ছেড়ে যাওয়ার পরও খেলাটির সেবা করে যাবে।’
মতামত দিন