Views Bangladesh Logo

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তামিমের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সিরিজের প্রথম ম্যাচে দাপটের জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বড় ব্যবধানে জয় তুলে নেয় পাকিস্তান। ফলে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি হয়ে ওঠে নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আর সেই ম্যাচেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ওপেনার তামিম।

দুর্দান্ত ব্যাটিং করে ৯৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ইনিংসটি সাজান পরিণত ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে। প্রথম ফিফটি করেন ৪৭ বলে, আর পরের ফিফটি আসে আরও ৪৯ বলে। এই ইনিংসের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। একই সঙ্গে লিস্ট ‘এ’ ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন এই ওপেনার।

ইনিংসের শুরুতেই বাংলাদেশের হয়ে শক্ত ভিত গড়ে দেন দুই ওপেনার তামিম ও সাইফ। দুজন মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৫ রান। যদিও থিতু হওয়ার পর ইনিংস বড় করতে পারেননি সাইফ। ইনিংসের ১৯তম ওভারে শাহিন আফ্রিদিকে এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন তিনি। সাজঘরে ফেরার আগে ৫৫ বলে করেন ৩৬ রান।

তৃতীয় উইকেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবলীল ছিলেন শান্ত। কয়েকটি দৃষ্টিনন্দন শটে ভালো সূচনা করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ইনিংসের ৩০তম ওভারে হারিস রউফের ইনসুইং ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত। ৩৪ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন তিনি।

এরই মধ্যে নিজের ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংসও ছাড়িয়ে গেছেন তামিম। এর আগে তার সর্বোচ্চ ছিল ৮৪ রান। সেই রেকর্ড ভেঙে এবার তুলে নেন প্রথম সেঞ্চুরি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৮২ রান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ