Views Bangladesh Logo

ক্রিকেটারদের ‘অসম্মানে’ ক্ষুব্ধ তামিম, একজোটে প্রতিবাদ

 VB  Desk

ভিবি ডেস্ক

হার্ট অ্যাটাকের পর সুস্থ হয়ে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মার্চে ডিপিএল খেলার সময় বড় ধরনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তামিম শুক্রবার (২৫ এপ্রিল) প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে এলেন। তবে শুধু নিজের শারীরিক অবস্থা জানান দিতে নয়, সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে খেলোয়াড়দের প্রতি আচরণে ক্ষুব্ধ হয়ে এদিন ক্রিকেটারদের নেতৃত্ব দিলেন তিনি।

মিরপুর স্টেডিয়ামে তামিমের আহ্বানে একত্রিত হন মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, নাঈম শেখ ও নাহিদ রানা। নিজেদের মধ্যে আলোচনার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠকের পর সংবাদমাধ্যমে তামিম বলেন— ‘গত দুই-তিন মাসে কিছু কিছু ঘটনা ঘটেছে, যেগুলো নিয়ে আমাদের খেলোয়াড়দের মধ্যে কষ্ট ছিল। খেলোয়াড়রা সবাই খুব অখুশি। সেই কারণেই আমরা একসঙ্গে হয়েছি।’

তামিম বলেন, ‘তাওহীদ হৃদয়ের একটা বিষয় আছে। মাঠে ইনসিডেন্টের কারণে তাকে দুই ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়। আমরা কেউ কিছু বলিনি। এরপর বিসিবি সেটা এক ম্যাচে কমিয়ে দেয়, সেখানেও আমরা চুপ ছিলাম। হৃদয় এক ম্যাচ বসে থেকে পরের দুই ম্যাচ খেলেছে। এখন আবার শুনছি তাকে নিষিদ্ধ করা হচ্ছে! এটা কোন নিয়মে হয়? একজন খেলোয়াড় শাস্তি ভোগ করল, অথচ আবার তাকে সাসপেন্ড? এটা হাস্যকর এবং চিন্তার বিষয়।’

এরপর তিনি বলেন, ‘দ্বিতীয় যে বিষয়টা আমাদের খুব কষ্ট দিয়েছে, সেটা হলো গুলশান আর শাইনপুকুর ম্যাচের ঘটনা। সেখানে যদি কোনো দুর্নীতি হয়, তাহলে দোষীদের শাস্তি হোক, এটাই আমরা চাই। কিন্তু দুইজন খেলোয়াড়কে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে অভিনয় করানো অসম্মানজনক। এটা কোনো নিয়মে পড়ে না। আপনি এমন করে খেলোয়াড়দের সম্মানহানি করতে পারেন না। এটি খেলোয়াড়দের অপমান করা।’

বিপিএলের প্রসঙ্গ টেনে তামিম বলেন, ‘দশজনের নাম প্রকাশ করা হয়েছে। আমরা চাই, দোষী হলে কঠোর শাস্তি দেয়া হোক। কিন্তু যদি আটজন নির্দোষ থাকে, তাদের নাম কেন মিডিয়ায় যাবে? এভাবে নাম প্রকাশ করাও খেলোয়াড়দের অসম্মান করা।’

তিনি জানান, বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাদের ডাকে সাড়া দিয়ে বৈঠকে এসেছিলেন এবং আরও দুই পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন। তামিম বলেন, ‘আমরা সবগুলো পয়েন্ট তুলে ধরেছি। আমরা শুধু বলেছি— হৃদয়ের ব্যাপারটা যৌক্তিক নয়। প্রথমে যদি দুই ম্যাচ হয়, সেটা ঠিক ছিল। পরে সেটা এক ম্যাচে নামিয়ে আবার শাস্তি দেয়া, এটা একদমই গ্রহণযোগ্য নয়।’

তামিম আরও বলেন, ‘আমরা প্রেসিডেন্টকে অনুরোধ করেছি দ্রুত একটা সিদ্ধান্ত নিতে। কারণ আগামীকালই খেলা। আমি নিশ্চিত উনারা দ্রুত ব্যবস্থা নেবেন।’

সবশেষে তামিমের বক্তব্য ছিল, ‘গত দুই-তিন মাস ধরে খেলোয়াড়রা অনেক কিছু সহ্য করেছে। কিন্তু এবার আমরা এক হয়েছি। এভাবে চলতে পারে না। আমাদের সম্মান নিয়ে খেলা হলে, আমরা একসঙ্গে দাঁড়াবই।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ