Views Bangladesh Logo

মিরাজকে সরিয়ে লিটনকে অধিনায়ক করার কারণ জানালেন তামিম ইকবাল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন দাসকে দায়িত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

তিনি বলেন, তিন সংস্করণে তিনজন নয়, বরং সাদা ও লাল বলের জন্য দুই অধিনায়ক রাখার নীতিগত সিদ্ধান্ত থেকেই এই পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, সাদা বলের দুই সংস্করণ—ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন লিটন দাস। টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সাদা বলের সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে, আর টেস্টে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মিরাজ।

তামিম বলেন, আমাদের তিন সংস্করণে তিন অধিনায়ক ছিল। এখানে কোনো ভুল নেই, আবার এটাও ঠিক নয়। আমার মতে দুই অধিনায়ক থাকা উচিত—একজন সাদা বলে, আরেকজন লাল বলে।

মিরাজের নেতৃত্বের প্রশংসা করে বিসিবি সভাপতি বলেন, শেষ পাঁচ ওয়ানডে সিরিজের চারটিতেই বাংলাদেশ জিতেছে।

তিনি বলেন, মিরাজ অসাধারণ অধিনায়ক ছিল। তবে আমরা তাকে যেভাবে পারফর্মার হিসেবে দেখতে অভ্যস্ত, বিশেষ করে ব্যাটিংয়ে, এখন সেভাবে দেখতে পাচ্ছি না। বোলিংয়ে সে ভালো করছে।

তামিম জানান, অধিনায়কত্ব পরিবর্তনের আগে মিরাজের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং মিরাজ বিষয়টি ইতিবাচকভাবেই নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নিজের পারফরম্যান্স আরও উন্নত করতে পারলে ভবিষ্যতে আবারও নেতৃত্ব পাওয়ার সুযোগ থাকবে মিরাজের।

এর আগে ২০২২-২৩ সালে সাতটি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এখন থেকে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতেও তিনি দলের নেতৃত্ব দেবেন। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই সাদা বলের দুই সংস্করণে অধিনায়ক হিসেবে লিটনের নতুন অধ্যায় শুরু হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ