বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচিত হন।
এর আগে তামিম বিপুল ভোটে পরিচালক পদে জয়ী হন। পরে পরিচালনা পর্ষদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। সভাপতির পদে তিনি ছিলেন একমাত্র প্রার্থী, ফলে তিনি বিসিবির ১৮তম সভাপতি এবং ষষ্ঠ নির্বাচিত সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। এ ক্যাটাগরিতে নির্বাচিত অন্য পরিচালকরা হলেন— মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শানিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানী, ড. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।
ক্লাব ক্যাটাগরির ১২টি পরিচালক পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পরাজিত প্রার্থীদের মধ্যে রয়েছেন— বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফয়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ।
ভোটের হিসাবে তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে শীর্ষে থাকেন। সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু ৭২ ভোট করে পান, মাসুদুজ্জামান পান ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পান ৬৮ ভোট।
নির্বাচনের মধ্য দিয়ে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন নেতৃত্বের অধ্যায় শুরু হলো বলে মনে করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে