অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ের কৃতিত্ব পুরো দলকে দিলেন তামিম
অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল পুরো কৃতিত্ব খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের দিয়েছেন। তিনি বলেন, ‘১০০০ শতাংশ কৃতিত্ব তাদের—বোর্ডের কাজ শুধু প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা।’
রোববার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে যেভাবে বাংলাদেশ ক্রিকেট খেলেছে, তা দেশের টেস্ট ইতিহাসের অন্যতম বড় অর্জন। তিনি বলেন, ‘এই অর্জনে অন্য কারও কৃতিত্ব নেই, এটি সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট, নির্বাচক এবং খেলোয়াড়দের।’
ঐতিহাসিক জয়ের পর ক্রিকেটাররা বিশেষ বোনাস পাবেন কি না—এ প্রশ্নের জবাবে তামিম নির্দিষ্ট কিছু জানাননি। তিনি বলেন, বোনাসের বিষয়টি বোর্ড ও খেলোয়াড়দের মধ্যেই থাকবে এবং এ নিয়ে পরে আলোচনা করা হবে। তবে বিসিবি এই অর্জনে অত্যন্ত গর্বিত বলেও তিনি উল্লেখ করেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও আশাবাদী তামিম। বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ সামনে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ছয়টি টেস্ট খেলবে। তামিমের মতে, দল যেভাবে খেলছে, তাতে ‘যেকোনো কিছুই সম্ভব’।
মতামত দিন