Views Bangladesh Logo

৩৬ বছর বয়সে প্রথম ভোট দিলেন তামিম, বললেন ‘ভোট ভালোই হচ্ছে’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ৩৬ বছর বয়সে জীবনের প্রথম ভোট দিয়েছেন। শান্ত ও নির্বিঘ্ন পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম–৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে ভোট দেন তামিম। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই তারকা ক্রিকেটার।

তামিম বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি।

ভোটকেন্দ্রে প্রবেশের সময় তার সঙ্গে সেনাবাহিনীর প্রটোকল ছিল। ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, পরিবেশ সুস্থ রয়েছে এবং সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে প্রত্যাশা করছি।

তামিমকে এক নজর দেখতে ও ছবি তুলতে কেন্দ্রের বাইরে স্থানীয় ভোটার ও তরুণদের ভিড় লক্ষ করা যায়। অনেকেই তার সঙ্গে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল থেকেই এ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোতোয়ালী, চান্দগাঁও ও ডবলমুরিং এলাকা নিয়ে চট্টগ্রাম-৯ আসন গঠিত।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৯০৬ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন।

চট্টগ্রাম-৯ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. একেএম ফজলুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আবদুল মোমেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, নাগরিক ঐক্যের মো. নুরুল আবছার মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. শফি উদ্দিন কবির, জনতার দলের মো. হায়দার আলী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দিন এবং গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ