Views Bangladesh Logo

বিশ্বব্যাংকের কাছে বাড়তি ১০ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের কাছ থেকে নিয়মিত সহায়তার বাইরে বাড়তি ১০ বিলিয়ন মার্কিন ডলার পেতে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে ভবিষ্যতে দুই পক্ষের করণীয় ঠিক করার ভিত্তি তৈরি হচ্ছে। এটি একটি প্রক্রিয়া, যা আগামী কয়েক মাস চলবে। এ নিয়ে ঢাকায়ও আলোচনা অব্যাহত থাকবে। বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল শিগগিরই ঢাকা সফরে আসবে বলেও জানান তিনি।

আমীর খসরু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি, কর্মসূচি এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতা রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সরকারের নেওয়া পদক্ষেপের সঙ্গেও সংস্থাটি একমত। তাঁর ভাষ্য, বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে আগ্রহী।

অর্থমন্ত্রী জানান, সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি সংকটে ছিল। আগের সময়ের দায়দায়িত্বের পাশাপাশি বিশ্বজুড়ে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপও সামলাতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় দেশে ভর্তুকির বোঝা বেড়েছে। এই চাপ সামাল দিতেই অতিরিক্ত অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন।

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব কাঠামো চূড়ান্ত করার কাজও চলছে। অর্থমন্ত্রী জানান, এ বিষয়ে বাংলাদেশ লিখিত প্রস্তাব জমা দিয়েছে। বিশ্বব্যাংক নিজের সুপারিশ ও পরামর্শ দিয়েছে। বাংলাদেশও নিজেদের অবস্থান জানিয়েছে। ব্যাংককে চলমান আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে এসব আলোচনা হচ্ছে।

মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অন্য কোনো সংস্থার প্রক্ষেপণ নিয়ে সরকার বিতর্কে জড়াতে চায় না। সংস্থাগুলো নিজস্ব হিসাব ও বিশ্লেষণের ভিত্তিতে এসব পূর্বাভাস দিয়েছে।

তিনি আরও বলেন, সরকার বাজেটে নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে এবং বাজেটের প্রক্ষেপণগুলো পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে। এর পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গেও নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ