দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্থিতিশীল মুদ্রার তালিকায় টাকা: বাংলাদেশ ব্যাংক
গত এক বছরে দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে অন্যতম স্থিতিশীল মুদ্রা হিসেবে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে মাত্র ০ দশমিক ৫৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে এ অঞ্চলে সবচেয়ে বেশি অবমূল্যায়নের মুখে পড়েছে ভারতের রুপি, যার মান কমেছে ৮ দশমিক ৯৪ শতাংশ। এছাড়া শ্রীলঙ্কান রুপির ৫ দশমিক ১১ শতাংশ, ফিলিপাইনের পেসোর ৩ দশমিক ৭০ শতাংশ এবং ইন্দোনেশিয়ার রুপিয়াহর ২ দশমিক ৬৭ শতাংশ অবমূল্যায়ন হয়েছে।
অন্যদিকে, চীনের ইউয়ান ৫ দশমিক ১৪ শতাংশ মূল্যবৃদ্ধির মাধ্যমে সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে অবস্থান নিয়েছে। পাকিস্তানি রুপির মানও ০ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। কেবল কম্বোডিয়ার মুদ্রার অবমূল্যায়ন বাংলাদেশের চেয়ে কম, যা ছিল ০ দশমিক ৪৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আইএমএফের শর্ত অনুযায়ী বাজারভিত্তিক বিনিময় হার চালু এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা জোরদার করায় টাকার মান তুলনামূলক স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ডে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬০ বিলিয়ন ডলার, যা এক বছর আগে ছিল ২৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।
তবে সাম্প্রতিক সময়ে আমদানি ব্যয় বাড়ায় ডলারের চাহিদা কিছুটা বেড়েছে। ৪ আগস্ট আন্তঃব্যাংক লেনদেনে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ছিল ১২৩ দশমিক ৮১ টাকা, যা কয়েক দিন আগে ছিল ১২৩ দশমিক ৬৯ টাকা।
মতামত দিন