Views Bangladesh Logo

তাইজুলের কীর্তিতে স্বস্তিতে বাংলাদেশ

ট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে স্পিন আক্রমণে জিম্বাবুয়েকে চাপে ফেলেছে বাংলাদেশ। দিনের শেষ সেশনে মাত্র ৪০ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। বড় ভূমিকা রাখেন তাইজুল ইসলাম, যিনি ইনিংসে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৬তমবারের মতো ফাইফারের দেখা পেলেন। জিম্বাবুয়ের বিপক্ষে এটি তার পঞ্চমবারের সাফল্য।

সোমবার (২৮ এপ্রিল) টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিং-বান্ধব উইকেটে প্রথম সেশনে দুই ওপেনারকে ফেরায় স্বাগতিকরা। তানজিম হাসান সাকিব তার অভিষেক টেস্টে ৪১ রানের ওপেনিং জুটি ভেঙে বেনেটকে ফিরিয়ে দেন। এরপর তাইজুল নিজের প্রথম ওভারেই ফেরান বেন কারানকে।

তবে দ্বিতীয় সেশনে দৃঢ় ব্যাটিং করেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস। তৃতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে ফিফটি পূর্ণ করেন দুজনই। ওয়েলচ ৫৪ এবং উইলিয়ামস ৬৭ রান করেন। এ সময় বাংলাদেশ কোনো উইকেট নিতে পারেনি।

তবে শেষ সেশনে স্পিন জাদু ছড়িয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাইজুল ও নাঈম হাসান। তাইজুল পরপর দুই বলে মাধেভেরে ও এনগারাভাকে আউট করেন এবং ওয়েলচকে ফিরিয়ে পূর্ণ করেন তার ফাইফার। দিন শেষে তার বোলিং ফিগার ২৭-৬-৬০-৫। নাঈমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ২০ ওভারে ২ উইকেট নেন ৪২ রান দিয়ে। তিনি ফেরান উইলিয়ামস ও অধিনায়ক ক্রেইগ আরভিনকে।

জিম্বাবুয়ে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২২৭ রান তুলেছে।

এদিকে, দলে কিছু পরিবর্তন এসেছে। পিএসএলে খেলার কারণে নাহিদ রানা অনুপস্থিত থাকায় অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের। বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ। প্রায় তিন বছর পর ফেরত এসেছেন এনামুল হক বিজয়। বাড়তি স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন নাঈম হাসান, যার ফলে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ তিন স্পিনার নিয়ে খেলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ