সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল
ব্যাটারদের মুখ থুবড়ে পড়ার পর জিম্বাবুয়ের ব্যাটারদের সামনে বাংলাদেশের বোলাররাও অসহায় ছিলেন। ব্যতিক্রম ছিলেন কেবল তাইজুল ইসলাম। প্রায় একাই স্বাগতিকদের ব্যাটারদের প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এমন দারুণ বোলিং করে সাকিব আল হাসানের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
হারারে টেস্টের প্রথম ইনিংসে তাইজুল একাই নেন ৭ উইকেট। টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ফাইফারের মালিক এখন তিনি। ১৯ বার ফাইফার নিয়ে এত দিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সাকিব। এবার সাবেক অধিনায়কের পাশে বসলেন তাইজুল।
৭ উইকেট নেওয়ার পথে ১৩৮ রান দেন তাইজুল। তাঁর দুর্দান্ত বোলিংয়ের পরও ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৪১০ রান করেছে জিম্বাবুয়ে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪০ রানে। এক মুমিনুল হক (৬০) ছাড়া সফরকারীদের আর কোনো ব্যাটার ক্রিজে দাঁড়াতে পারেননি। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের ওপেনার ইনোসেন্ট কাইয়া একাই করেন ১৪০ রান। সেঞ্চুরির সুযোগ ছিল ওয়েসলে মাধেভেরের সামনেও। সঙ্গী না পাওয়ায় ৭৭ রানে অপরাজিত থাকেন তিনি।
এ ছাড়া ক্রেইগ আরভিন ৬০ ও ব্রায়ান বেনেটের ব্যাট থেকে আসে ৫৯ রান। বেন কারানের অবদান ৪২ রান। ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের পর ইনিংস হারের শঙ্কা জেগেছে সফরকারী দলে। লজ্জা এড়াতে চাইলে দ্বিতীয় ইনিংসে দারুণ কিছুই করতে হবে বাংলাদেশকে।
মতামত দিন