Views Bangladesh Logo

হাসিতে মন জয় করা মাইলস্টোনের সেই তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বড় বোনকে হারিয়ে যে হাসি হারিয়ে ফেলেছিল, সেই তাহসিন আব্দুল্লাহই এবার সরাসরি সাক্ষাৎ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। গত ২৭ জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী আয়োজনে তার উচ্ছ্বসিত হাসির একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন আব্দুল্লাহ। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ কথা জানান।

২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় নিজের প্রিয় বড় বোন তাসনিয়াকে হারিয়েছিল তাহসিন। সেদিন তারা দুজন একই স্কুলে হলেও ছিল আলাদা ভবনে, আর যুদ্ধবিমানটি আছড়ে পড়ে বোনের ভবনেই। বিস্ফোরণের শব্দ শুনে ছোট্ট তাহসিন দৌড়ে গিয়েছিল বোনের খোঁজে, হাতে নিয়ে গিয়েছিল স্যালাইন আর পানি; কিন্তু সেই অপেক্ষার আর অবসান হয়নি। পরিবারের ভাষ্যমতে, এই ঘটনার পর বদলে যায় তাহসিন, মুখের সেই আগের প্রাণখোলা হাসিও যেন হারিয়ে যায়।

তবে গত সোমবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠ প্রদক্ষিণের সময় তার কাছাকাছি আসতেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে তাহসিন, আর সেই মুহূর্তটিই ক্যামেরাবন্দি হয়ে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। পরবর্তীতে ছবির পেছনের এই হৃদয়বিদারক ইতিহাস জানতে পেরে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ জুলাই) বাবা নাজমুল হকের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে সপ্তম শ্রেণিতে পড়ুয়া তাহসিন। সাক্ষাতে প্রধানমন্ত্রী তার পড়াশোনার খোঁজ নেন এবং ভবিষ্যতে কী হতে চায় জানতে চাইলে তাহসিন জানায়, সে বড় হয়ে সফল ব্যবসায়ী হয়ে এমন কিছু করতে চায় যা মানুষের উপকারে আসবে। প্রধানমন্ত্রী তার এই স্বপ্নের প্রশংসা করে মনোযোগ দিয়ে লেখাপড়া ও খেলাধুলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। ফুটবলপ্রিয় তাহসিনের হাতে তিনি তুলে দেন নিজের স্বাক্ষর করা একটি ফুটবল।

সাক্ষাৎ শেষে তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারে পরিবারের একজনের মতোই কথা হয়েছে তার, তাই মোটেও নার্ভাস লাগেনি। কার্যালয়ে রাখা গাড়ি ও জাহাজের রেপ্লিকা দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি বাবার ফোনে একটি সেলফিও তুলেছে সে। স্কুলে ফিরে বন্ধুদের এই অভিজ্ঞতার গল্প শোনানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানায় তাহসিন।

এ সময় মাইলস্টোনের দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক কর্মকর্তা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ