Views Bangladesh Logo

তাহসিফ হত্যা মামলা: জুনিয়র বন্ধু দীপ গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর বাবার দায়ের করা হত্যা মামলায় জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) নৌ পুলিশের তুরাগ ফাঁড়ির ডিউটি কর্মকর্তা এএসআই মোস্তাফিজ বলেন, উত্তরখান থানায় দায়ের করা হত্যা মামলায় দীপকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

এর আগে শনিবার সকালে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তাহসিফের বাবা বাদী হয়ে এ মামলা করেছেন।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরিবারের সদস্যদের দাবি, জুনিয়র বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে সিসিটিভি ফুটেজে দুজনকে একসঙ্গে দেখা যায়। পরে তাঁরা আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে চলে যান।

পরিবারকে দীপ জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা হওয়ায় তাঁরা ওয়ার্কশপে গিয়েছিলেন। মোটরসাইকেল মেরামতের পর একসঙ্গে খাবার খেয়ে তিনি চলে যান। তবে পরবর্তী সময়ে তাঁদের চলাফেরা ও যোগাযোগের বিষয়টি তদন্তের আওতায় আসে।

পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। ২৯ অক্টোবর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ ঘটনায় ২৯ অক্টোবর দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন শুক্রবার তাঁকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাঁদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে তাঁর এ বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও ঘটনাস্থলের আলামত যাচাই শেষে দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তাহসিফের বাবা শুরু থেকেই ছেলের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করে আসছিলেন। তাঁর দাবি, ছেলে সাঁতার জানতেন। তাই নদীতে ঝাঁপ দিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। মামলার তদন্তে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ