Views Bangladesh Logo

খুলনায় ফের কালি দিয়ে ঢেকে দেওয়া হলো রবীন্দ্রনাথের গ্রাফিতি

খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি দ্বিতীয়বারের মতো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। শনিবার মধ্যরাত থেকে রোববার ভোরের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়। সেখানে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পায়।

এর আগে গত ৫ নভেম্বর একই দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লাগিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। পরদিন ৬ নভেম্বর কেসিসি প্রশাসক গ্রাফিতিটি নতুন করে আঁকার নির্দেশ দেন। ওই দিন বিকেলেই সেটি পুনরায় আঁকা হয়। এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও একই প্রতিকৃতি মুছে দেওয়ার ঘটনা ঘটল।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরোনো যশোর রোডের পাশের দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের গ্রাফিতি রয়েছে। এসব প্রতিকৃতির মধ্যে শুধু রবীন্দ্রনাথের ছবিটিতেই কালি লাগানো হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল কম ছিল এবং দোকানপাট বন্ধ ছিল। এ সুযোগে কেউ গ্রাফিতিটি ঢেকে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, একটি ছবি মুছে দিয়ে কোনো মানুষকে অস্বীকার করা যায় না। যারা এ কাজ করেছেন, মানুষ তাদের ঘৃণার চোখে দেখেছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বৃষ্টি কমলে রবীন্দ্রনাথের গ্রাফিতিটি আবারও আঁকা হবে। যতবার এটি মুছে ফেলা হবে, ততবারই নতুন করে আঁকা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ