রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, দুর্গাপূজার আগে উসকানির আশঙ্কা পুলিশের
রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মাখানোর ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাদের আটক করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে এ ঘটনাকে ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও উসকানির আশঙ্কা করছে পুলিশ। তবে এর পেছনে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পরিকল্পিত কোনো উসকানি রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ এন এম আয়াসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। কোন ধারায় বা কী অভিযোগে মামলা করা হবে, তা পরে জানানো হবে। একই কর্মসূচি থেকে এক নারীসহ আরও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে। আটক ওই নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভারতীয় আগ্রাসনের অভিযোগ তুলে রাষ্ট্র সংলাপ ফোরামের এক কর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখান। ঘটনাটি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে ধর্মীয় উৎসবের আগে একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি বিকৃত করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন গোয়েন্দারা।
আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এর আগে গত ৬ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ এবারের দুর্গাপূজাকে পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে উল্লেখ করেন। পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ মোতায়েনের কথাও জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার পর সেখানকার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও সত্যজিৎ রায়সহ ১০ জন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। এর কয়েক দিনের মধ্যেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনা ঘটল।
মতামত দিন