ডিপফেক ঠেকাতে আদালতের দ্বারস্থ, বড় জয় টাবুর
বলিউড অভিনেত্রী টাবু ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে বড় ধরনের আইনি জয় পেয়েছেন। তাঁর ব্যক্তিত্ব ও প্রচারস্বত্ব সুরক্ষায় দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন। বিচারপতি জ্যোতি সিংয়ের একক বেঞ্চের দেওয়া আদেশে গুগল, মেটা, এক্স ও রেডিটের মতো বড় ডিজিটাল প্ল্যাটফর্মকে টাবুর নাম ও ছবি ব্যবহার করে তৈরি করা ১৫০টির বেশি অননুমোদিত ও বিভ্রান্তিকর লিংক দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, টাবুর প্রকৃত নাম তাবাসসুম ফাতিমা হাশমি, মঞ্চনাম ‘টাবু’, স্থিরচিত্র, সিনেমার দৃশ্য, কণ্ঠস্বর ও স্বাক্ষর অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তাঁর ছবি, কণ্ঠস্বর কিংবা পরিচয় বিকৃত করে তৈরি কোনো কনটেন্টও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তাঁর অনুমতি ছাড়া নাম বা ছবি ব্যবহার করে পণ্য ও মার্চেন্ডাইজ বিক্রিও করা যাবে না।
সম্প্রতি ইন্টারনেটে টাবুর বিভিন্ন সিনেমার দৃশ্য ও সাক্ষাৎকার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সম্পাদনা করে অশালীন ও বিকৃত কনটেন্ট তৈরির অভিযোগ ওঠে। এমনকি তাঁর নামে ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির জন্য ভুয়া বুকিং দেওয়া এবং তাঁর নামে মিথ্যা বক্তব্য ছড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
এসব কর্মকাণ্ড তাঁর দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তি ও ব্যক্তিগত মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে উল্লেখ করে আদালতের দ্বারস্থ হন টাবু। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে অননুমোদিত কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
মতামত দিন