Views Bangladesh Logo

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। কোয়ার্টার ফাইনাল হিসেবে বিবেচিত ম্যাচটিতে জয় পেয়ে সেমিফাইনালের শেষ দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে স্বাগতিকরা। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হলো ক্যারিবিয়ানদের।

১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

শুরুটা অবশ্য ভালো ছিল না ভারতের। ওপেনার অভিষেক শর্মা দ্রুত ফিরে যান। ঈশান কিশানও পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বিদায় নেন। দুজনেই করেন ১০ রান করে।

এরপর তৃতীয় উইকেটে সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদব চাপ সামাল দিয়ে প্রয়োজনীয় রান রেট ধরে রেখে ৫৮ রানের জুটি গড়েন। শামার জোসেফের বলে শেরফেন রাদারফোর্ডের হাতে ক্যাচ দিয়ে ১৬ বলে ১৮ রান করে ফেরেন সূর্যকুমার। পরের উইকেটে তিলক ভার্মা ১৫ বলে ২৭ রান করেন। হার্দিক পান্ডিয়া করেন ১৪ বলে ১৭ রান।

তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং চালিয়ে যান সঞ্জু স্যামসন। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই দলকে জয় এনে দেন তিনি। ৫০ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেন এই ওপেনার। শিভম দুবে অপরাজিত থাকেন ৮ রানে।

এর আগে ইডেন গার্ডেন্সে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুটা ভালোই করে ক্যারিবিয়ানরা। উদ্বোধনী জুটিতে আসে ৬৮ রান। অধিনায়ক শাই হোপ ৩৩ বলে ৩২ রান করে আউট হন। অন্য ওপেনার রস্টন চেজ করেন ২৫ বলে ৪০ রান।
শিমরন হেটমায়ার ১২ বলে ২৭ এবং শেরফেন রাদারফোর্ড ৯ বলে ১৪ রান করেন। শেষদিকে রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার ঝড়ো ব্যাটিংয়ে ৬০ রানের জুটি গড়েন। পাওয়েল ১৯ বলে ৩৪ ও হোল্ডার ২২ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। তাদের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ ছিলেন সবচেয়ে সফল বোলার। চার ওভারে ৩৬ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী নেন একটি করে উইকেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ