Views Bangladesh Logo

দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান সিরিয়ার নতুন প্রধানমন্ত্রীর

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির।

আল জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করে কাতার-ভিত্তিক এই টেলিভিশন।

স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই দিন পর প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর এটি ছিল আল-বশিরের প্রথম সাক্ষাৎকার। তিনি বলেন, “জনগণের এখন সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি ও স্থিতিশীলতা।”

টেলিভিশন ভাষণে তিনি আরও জানান, ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার মস্কোতে পৌঁছেছেন। রাশিয়া মানবিক কারণে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।

ক্রেমলিনের একটি সূত্র জানিয়েছে, রাশিয়া বরাবরই সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান চেয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ার ভূমি দখলের অভিযোগ তুলে কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, ইরাক ও কাতার। তাদের অভিযোগ, ইসরাইল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন অমান্য করেছে।

সৌদি আরব ইসরায়েলের গোলান মালভূমি দখলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গোলান মালভূমি আরব ভূমির অংশ এবং ইসরায়েলের এমন কার্যকলাপ সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ