পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার
পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে সিরীয় বংশোদ্ভূত এক বাংলাদেশি দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় একাই বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি সিরিয়ার নাগরিক হলেও বাংলাদেশি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছিলেন এবং তার জাতীয় পরিচয়পত্রসহ পরিবারের সদস্যরাও বাংলাদেশে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিয়মিত খাবার পৌঁছে দিতে গেলে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান খাবার সরবরাহকারী ব্যক্তি। পরে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে খাটের ওপর মাজেদ আল খতিবকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
বাড়ির মালিক কে এম শাহাদাত খান জানান, মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে তাদের বাসায় ভাড়া থাকতেন। তিনি শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। মাঝেমধ্যে তার পরিবারের সদস্যরাও তাকে দেখতে আসতেন। শুক্রবার খাবার দিতে গিয়ে দরজা বন্ধ পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে তার ছেলে পটুয়াখালীতে এসেছেন।
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন