সিলেটের ট্রিপল মার্ডার: আদালতে অভিযুক্ত বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সিলেট মহানগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় তিনজনকে হত্যার ঘটনায় গ্রেফতার বাবুল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে চার দিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে বাবুল মিয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন। পরে ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করেন।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবুলের জবানবন্দি রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।
বাবুল মিয়া রায়নগর রাজবাড়ি এলাকার আখতার মিয়ার কলোনির বাসিন্দা। তার বাবার নাম মৃত নূর মিয়া।
গত ১২ আগস্ট রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর নিকুঞ্জ ভিলায় নিজ বাসায় খুন হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এমএ সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা।
হত্যাকাণ্ডের দিনই পুলিশ বাবুল মিয়াকে গ্রেফতার করে। পরে গত রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মতামত দিন