সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘোষণার ফলে গোয়াইনঘাটের জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, পান্থুমাই এবং কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর ও উৎছড়ার মতো জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে যেতে পারবে না পর্যটকরা।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তৌহিদুল ইসলাম বলেন, উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জননিরাপত্তা সুরক্ষা ও জনস্বার্থে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জের ইউএনও সঞ্জিত কুমার বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।
উল্লেখ্য, টানা বৃষ্টি আর উজানের ঢলে মঙ্গলবার সিলেটের বেশ কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর মধ্যে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা বন্যার পানিতে আটকা পড়েছেন। এমতাবস্থায় কয়েকটি ওয়ার্ডে ইতোমধ্যে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে