Views Bangladesh Logo

ভ্রাম্যমান আদালতের জরিমানার প্রতিবাদে সিলেটে জ্বালানি ব্যবসায়ীদের ধর্মঘট

ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি পেট্রোল পাম্পের মালিককে জরিমানা করার প্রতিবাদে সিলেট বিভাগে হঠাৎ ধর্মঘটের ডাক দিয়েছেন জ্বালানি ব্যবসায়ীরা।

বুধবার (১ এপ্রিল) রাত থেকেই সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট শুরু হয়েছে।

মধ্যরাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি অভিযোগ করে বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযানের নামে পেট্রোল পাম্পে চাঁদাবাজি করা হচ্ছে। প্রতিদিনই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

জুবায়ের আহমদ চৌধুরী বলেন, এমনিতেই চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। এর ওপর এ ধরনের ‘চাঁদাবাজি’ চলতে থাকলে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুরে নগরের এ অ্যান্ড এ অ্যাসোসিয়েটস নামে একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অতিরিক্ত পেট্রোল মজুদের অভিযোগে মালিক মো. কামরানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

র‍্যাব-৯ এর সহযোগিতায় সিলেট জেলা প্রশাসন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ ঘটনার প্রতিবাদে রাতে বৈঠক করে ধর্মঘটের সিদ্ধান্ত নেন জ্বালানি ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা আরও জানান, পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা, জরিমানা আদায় এবং জ্বালানি তেল বিক্রিতে প্রশাসনের বিভিন্ন বাধ্যবাধকতায় পাম্প মালিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

তাদের অভিযোগ, ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েনসহ সরকারি বিভিন্ন সিদ্ধান্ত জ্বালানি ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ