Views Bangladesh Logo

সিলেটে পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক, তেল বিক্রি বন্ধ

সি‌লে‌টে দুই দফা দা‌বি‌তে সোমবার (৯ মার্চ) রাত থে‌কে ধর্মঘ‌টের ডাক দি‌য়ে‌ছে জ্বালা‌নি ব‌্যবসায়ীরা।


কয়েকটি পেট্রোল পাম্পে জ্বালা‌নি সংকট নি‌য়ে গ্রাহক‌দের স‌ঙ্গে অপ্রীতিকর ঘটনার প‌রি‌প্রেক্ষি‌তে ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন। পাশাপা‌শি দা‌বি আদা‌য়ে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন তারা।

সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ জানান, (সোমবার) আমার পাম্প, চৌকিদে‌খি এলাকার আরেকটি পাম্পসহ সিলেটের কয়েকটি পাম্পে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
তেল না পেয়ে বিভিন্ন পাম্পে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধরের ঘটনা ঘটেছে। এমন নিরাপত্তাহীন অবস্থায় পাম্প চালু রাখা সম্ভব না।

তিনি বলেন, আমরা ডিপো থেকে চাহিদামাফিক তেল সরবরাহ পাচ্ছি না। ফলে গ্রাহকদের চাহিদামতো তেল দিতে পারছি না।

তিনি বলেন, দুই দফা দাবিতে আমরা আজ রাত থেকে সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার দুপুর ২টার মধ্যে পেট্রোল পাম্পে হামলাকারীদের গ্রেপ্তার ও ডিপো থেকে চাহিদামাফিক তেল সরবরাহের দাবি আমাদের।

সং‌শ্লিষ্ট সূত্র জানায়, সোমবার ইফতারের পূর্বে নগরীর চৌকিদেখি এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়ামে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে ছুরিকাঘাত করে এক গ্রাহক। আহত কর্মচারী মিঠু গোয়ালা মালিনীছড়া চা-বাগানের বিজয় গোয়ালার ছেলে।

মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের ম্যানেজার মারুফ আহমদ চৌধুরী বলেন, তেল নিতে আসা এক ব্যক্তিকে সিরিয়াল মেনে আসার অনুরোধ করা হলে তিনি তা অমান্য করেন। এই নিয়ে পাম্প কর্মীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি চলে যান। কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এসে ছুরিকাঘাত করে চলে যায়।

সিলেট মহানগর পু‌লি‌শের বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে কর্মীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ