সিলেটের প্রবাসীরা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগ দিতে পারবে: জেলা প্রশাসক
সিলেটের প্রবাসীরা চাইলে তাঁদের ফাঁকা বাড়ি ও সম্পত্তির নিরাপত্তায় আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
বুধবার (২২ জুলাই) ওসমানীনগর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, প্রবাসীদের বাড়িঘর ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সেই ধারাবাহিকতায় আগ্রহী প্রবাসীদের জন্য আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ বিদেশে বসবাস করেন। তাঁদের অনেক বাড়িঘর বছরের পর বছর ফাঁকা থাকে। এসব বাড়ি ও সম্পত্তি দখল, চুরি কিংবা অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ প্রায়ই পাওয়া যায়। দীর্ঘদিন ধরে প্রবাসীরা তাঁদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়েই জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।
আবদুল্লাহ আল মামুন জানান, উদ্যোগটি বাস্তবায়নের আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। তাঁদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু করা হবে।
এ সময় সিলেট-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতির বিষয়েও কথা বলেন জেলা প্রশাসক। তিনি জানান, প্রকল্পের আওতায় অধিকাংশ জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। বর্তমানে ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের নিজ করুয়া এবং সাদীপুর ইউনিয়নের গজিয়া এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের আবেদন সাপেক্ষে আইন অনুযায়ী দ্রুততম সময়ে ক্ষতিপূরণ দেওয়া হবে।
ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার জানান, জেলা প্রশাসকের নির্দেশনা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন