সিলেট বোর্ডে এসএসসিতে পাসের হারে চরম বিপর্যয়, বেড়েছে জিপিএ-৫
চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা গেছে। মাত্র এক বছরের ব্যবধানে এই বোর্ডে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকালে প্রকাশিত ফলাফল অনুযায়ী, সিলেট শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ; যা ২০২৫ সালে ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় বোর্ডের সচিব অধ্যাপক মামুন আহমদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিগত ৫ বছরের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, এই বোর্ডে ধারাবাহিকভাবে পাসের হার কমছে। ২০২২ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ, ২০২৩ সালে ৭৬ দশমিক ০৬ শতাংশ এবং ২০২৪ সালে ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ।
এ বছর সিলেট বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছে ৫১ হাজার ৯৫৭ জন।
সিলেটে এবার ৯টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। তবে শতভাগ ফেল করেছে—এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
এদিকে পাসের হার কমলেও এবার জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ২২২ জন বেড়েছে। এবার ৩ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছর ছিল ৩ হাজার ৬১৪ জন।
অন্যদিকে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে বিগত বছরগুলোর মতো এবারও সিলেটে এগিয়ে রয়েছে মেয়েরা। ১ হাজার ৭৪৫ জন ছেলের বিপরীতে ২ হাজার ৯১ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।
এবার ছেলেদের পাসের হার ৫৬ দশমিক ১২ শতাংশ, যার বিপরীতে মেয়েদের পাসের হার ৫৯ দশমিক ৭৮ শতাংশ। ৩৫ হাজার ৪৩৮ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৯ হাজার ৮৮৯ জন। অন্যদিকে ৫৩ হাজার ৬৪১ জন মেয়ের মধ্যে পাস করেছে ৩২ হাজার ৬৮ জন।
সিলেট বোর্ডের বিভাগভিত্তিক ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৮০ দশমিক ৩২ শতাংশ। তবে মানবিক বিভাগে পাসের হার মাত্র ৪৮ দশমিক ১৬ শতাংশ এবং ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ০৩ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও বিজ্ঞান বিভাগ এগিয়ে। বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৬০৮ জন, মানবিকে ১২০ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ১০৮ জন জিপিএ-৫ পেয়েছে।
জেলাভিত্তিক ফলাফল পর্যালোচনায় দেখা যায়, যথারীতি সবচেয়ে ভালো ফল করেছে সিলেট জেলার পরীক্ষার্থীরা, যেখানে পাসের হার ৬২ দশমিক ৮৮ শতাংশ। অন্য জেলাগুলোর মধ্যে মৌলভীবাজারে পাসের হার ৫৫ দশমিক ৯২ শতাংশ, হবিগঞ্জে ৫৫ দশমিক ৪ শতাংশ এবং সুনামগঞ্জে ৫৪ দশমিক ৬৭ শতাংশ।
একইভাবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও সিলেট জেলা শীর্ষে রয়েছে। জেলাটিতে সর্বোচ্চ ২ হাজার ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্য তিন জেলার মধ্যে মৌলভীবাজারে ৭২৫ জন, হবিগঞ্জে ৬৭৫ জন এবং সুনামগঞ্জে ৪১৩ জন জিপিএ-৫ পেয়েছে।
মতামত দিন