Views Bangladesh Logo

সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ মাজারের আর্থিক বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে আলোচনা-সমালোচনার মুখে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করার কথা উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মো. সারওয়ার আলম জানিয়েছেন, আগামীকাল সোমবার-ই (২২ জুন) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সারওয়ার আলম। ‘৩৬০ আউলিয়ার পূণ্যভূমি’ হিসেবে পরিচিত সিলেটের প্রধান দুটি মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনার কথা বলে নানা উদ্যোগ নেন তিনি।

গত ১৮ জুন (বৃহস্পতিবার) দীর্ঘ সাতশ’ বছরের বেশি সময়ের রেওয়াজ ভেঙে হযরত শাহজালাল (রহ.) মাজারের শিরনি তৈরির কাজে ব্যবহৃত ঐতিহাসিক তিনটি পিতলের ডেগ সিলগালা করে জেলা প্রশাসন। এসব ডেগে মাজারে আগত ভক্ত-অনুসারীরা টাকা, সোনাসহ বিভিন্ন মূল্যবান জিনিস দান করে আসছেন।

এই ডেগগুলো সিলগালা করার পাশাপাশি জেলা প্রশাসকের নির্দেশে প্রশাসনের উদ্যোগে শাহজালাল মাজারে পৃথক দানবাক্স বসান সারওয়ার আলম। এই দানবাক্সের পাহারায় আনসার নিযুক্ত ও সিসি ক্যামেরাও বসানো হয়। একই উদ্যোগ নিতে গত ১৯ জুন (শুক্রবার) হযরত শাহপরাণ (রহ.) মাজার পরিদর্শণ করেন তিনি।

এনিয়ে সিলেটসহ দেশে-বিদেশে অবস্থানরত দুটি মাজারের ভক্ত-অনুসারীরা জেলা প্রশাসকের তীব্র সমালোচনায় মুখর হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাজারের আর্থিক অবস্থান নিয়ে জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে পক্ষে-বিপক্ষে সরব হন অনেকে।

উল্লেখ্য, ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও আলোচিত ছিলেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন।

তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতি বঞ্চিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। এটাকে সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও অসদাচরণ হিসেবে গণ্য করে ২০২২ সালের মে মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’র শাস্তি দেয়। ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান মো. সারওয়ার আলম। সর্বশেষ ২০২৫ সালের ১৮ আগষ্ট তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ